চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে ১২৭ মণ বা ৫ হাজার ১০০ কেজি জাটকাসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। আটকের পর জেলেদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার সকালে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন থেকে হাইমচরের চরভৈরবী সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি করে প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের প্রায় ৫ হাজার ১০০ কেজি জাটকাসহ ১০ জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক আটক জেলেদের প্রত্যেককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা করেন। এরপর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জব্দ করা জাটকা চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
ইলিশের পোনা সংরক্ষণের জন্য মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় নদীতে ইলিশসহ সবধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।


