সারা দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনার বিচার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ সমাবেশ করেছে শাখা ছাত্র ইউনিয়ন ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।
শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় সংগঠন দুটির যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা কাটা পাহাড় সড়ক হয়ে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করেন।
সমাবেশে শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে বিভিন্ন স্লোগান লেখা দেখা যায়।
বক্তারা অভিযোগ করেন, টিকা কার্যক্রমে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অবহেলার কারণেই দেশে হামের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে তারা হামে শিশু মৃত্যুর দায়ে সংশ্লিষ্টদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সমাবেশে ছাত্র ইউনিয়ন চবি শাখার সহসভাপতি সোহেল রানা বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে নিষ্পাপ শিশুরা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অথচ স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পরিবর্তে ভাগ-বাটোয়ারার রাজনীতি প্রাধান্য পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারও যদি জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয় এবং অতীতের দুর্নীতিবাজদের বিচার না করে, তাহলে মানুষ আবারও রাজপথে নামবে।’
শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ জুনায়েদ কবির বলেন, ‘দেশের প্রায় ৫৮টি জেলায় পাঁচ বছরের নিচে চার শতাধিক শিশু মারা গেছে এবং ৫৫ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করলেও যথাসময়ে পর্যাপ্ত টিকা নিশ্চিত করা হয়নি। জনগণের স্বাস্থ্যসেবার পরিবর্তে টেন্ডার ও ভাগ-বাটোয়ারার রাজনীতি প্রাধান্য পেয়েছে।’
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের চবি শাখার সাংগঠনিক সম্পাদক জেস চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম এখনো সবদিক থেকে অবহেলিত। বান্দরবানের আলীকদম উপজেলায় হামের প্রভাবে বহু শিশু মারা যাচ্ছে। অথচ জাতীয় পর্যায়ে এই সংকট নিয়ে কার্যকর আলোচনা দেখা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘ধনী মানুষেরা বিদেশে চিকিৎসা নিতে পারলেও সাধারণ মানুষের সন্তানদের মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে। সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে এই মৃত্যুমিছিল বন্ধ করতে হবে।’
এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিশন চাকমাও টিকা কার্যক্রমে অবহেলা ও দুর্নীতির অভিযোগ তুলে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের দাবি জানান।


