চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার প্রার্থিতা পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।
এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে ইসিতে আপিল দায়ের করেন। এই আপিল শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেন। এর পর তিনি ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন।
সবশেষ সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করলেন হাইকোর্ট। সেই সঙ্গে তার মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে সরওয়ার আলমগীরের নির্বাচনে অংশ নিতে বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী।
এদিকে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিএমপি দায়ের হচ্ছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট ইসমাইল গণি।


