চট্টগ্রামে পাচারের সময় বিলুপ্তপ্রায় একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় মো. হাদিস রহমান (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের চুনতি বন রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে কক্সবাজারের চকরিয়া উপজেলার ভাঙ্গারমুখ বাজার এলাকা থেকে উদ্ধার করা হয় এসব বন্যপ্রাণী এবং আটক করা হয় সংশ্লিষ্ট পাচারকারীকে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চকরিয়া উপজেলার একটি বাড়িতে পাচারের উদ্দেশ্যে বেশ কিছু বন্যপ্রাণী মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপ। একইসঙ্গে আটক করা হয় হাদিস রহমানকে।
চুনতি বন্যপ্রাণী ও অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ টাইমস অব বাংলাদেশকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর ১০(১), ১০(৪) ও ৪১(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় সোপর্দ করা হয়।


