চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রাইফেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-৭ সূত্র জানায়, চান্দগাঁও থানার হাজীরপুলের ফেদা পুকুরপাড় এলাকায় একটি বিদেশি অস্ত্র পড়ে থাকার তথ্য পেয়ে ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে একটি বাট ও ম্যাগাজিনবিহীন ট্রিগারযুক্ত এইচকেজি-৩ রাইফেল উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোজাফফর হোসেন বলেন, অস্ত্রটি কারা সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, র্যাব অস্ত্রটি উদ্ধার করে থানায় জমা দিয়েছে। অস্ত্রটির ধরন ও কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


