চট্টগ্রামের রহমাননগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শফিকুল (৩৫)। তিনি মাছের ব্যবসা করতেন। এ ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চান মিয়া শেখের স্ত্রী মনজিলা বেগম (৬০) এবং তার দুই নাতি সোহান ইসলাম (৪) ও সাইফা আক্তার (২) নামের দুটি শিশু রয়েছে।
চান মিয়া শেখ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নেন।


