স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় চরম আর্থিক সংকটে পড়া স্কুলশিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ চট্টগ্রাম জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে সহায়তা পেয়েছেন।
বুধবার গণশুনানিতে মানবিক আবেদন জানালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার দুর্দশার কথা শুনে তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
একই গণশুনানিতে সহায়তা পান কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের শিক্ষার্থী কে এম জয়নাল আবেদীন, যার পিতা গুরুতর অসুস্থ হওয়ায় পরিবারের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।
জেলা প্রশাসক জয়নালকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
জেলা প্রশাসক বলেন, একজন শিক্ষক শুধু টাকার অভাবে চিকিৎসা করাতে পারবেন না–এটা জেলা প্রশাসক হিসেবে মেনে নেওয়া কষ্টকর, তবে সীমিত সামর্থ্যের মধ্যেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।


