অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে শরিফ ওসমান হাদির বিচারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে অনুরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
বুধবার রাত ১০টায় হাদির লড়াই-সংগ্রামকে সারা দেশে ছড়িয়ে দেওয়া এবং বিচারের দাবিতে দুই দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল ওসমান হাদির বিচারের দাবিতে তিনি (প্রধান উপদেষ্টা) কথা বলবেন। তিনি অনেক বিষয়ে কথা বলেছেন, কিন্তু বিচারের দাবিতে তিনি একটি কথাও বলেননি।’
সাদিক বলেন, ‘আমরা অনুরোধ করব, প্রধান উপদেষ্টা যেন তার অবস্থান পরিষ্কার করেন। ওসমান হাদির বিচারের প্রশ্নে কোনো আপস নেই।’
হাদিকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করে সাদিক কায়েম সবার প্রতি আহ্বান জানান, ‘আমরা যেন তাকে সবসময় জাগ্রত রাখি। তার স্মৃতি, তার কথা ও বয়ানগুলো, আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে যে শক্তিশালী বক্তব্যগুলো রয়েছে, সেগুলো আরও দৃঢ়ভাবে দেশব্যাপী ছড়িয়ে দিই।’
একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য।
তিনি বলেন, ‘না হলে বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চেয়েও ভয়াবহ পরিণতি আপনাদের হবে।’
এ সময় তিনি দেশের প্রতিটি পাড়া, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির গ্রাফিতি আঁকা এবং তার বয়ান ও বক্তব্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


