চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও গুলি, শিশুসহ আহত ৪

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও গুলি, শিশুসহ আহত ৪
অভিযানে উদ্ধার করা দেশীয় শটগান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে ১২ বছরের এক শিশুসহ চারজন আহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করার পাশাপাশি একটি শটগান ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

আহতরা হলেন- ময়দার মিল পশ্চিম পাড়ার বাসিন্দা মো. কালামের ছেলে শিশু ফাহিম (১২), মো. হাসান, জসিম ও ইসমাইল মিয়া। গুলিবিদ্ধ ফাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ফাহিমের হাঁটুতে গুলির আঘাত রয়েছে এবং তার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে, তবে সে বর্তমানে আশঙ্কামুক্ত।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোরশেদ খানের অনুসারীদের সঙ্গে প্রতিপক্ষ আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মোরশেদ খান এলাকা থেকে দীর্ঘ দিন বাইরে থাকার পর এলাকায় ফিরে হামলার শিকার হন। এরই জের ধরে শনিবার রাতে তার অনুসারীরা প্রতিপক্ষকে লক্ষ্য করে ছররা গুলি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। মোরশেদ খান নগর পুলিশের তালিকাভুক্ত অপরাধী।

নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে খান গ্রুপ এবং মোরশেদ খানের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর আমরা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছি।

অভিযানে উদ্ধার করা দুটি কার্তুজ। ছবি: টাইমস

তিনি আরও বলেন, রাত ২টার দিকে ফারুক হোসেন নামে এক সশস্ত্র সন্ত্রাসীর বাসা থেকে একটি শর্টগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে ফারুক পালিয়ে যান বলে তিনি জানান।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বর্তমানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং আহতদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad