চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মো. তৌহিদুল ইসলাম সামির (২২) ও মো. আলমগীর হোসেন সজীব।
শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কামরাবাদের আতুরার ডিপো এলাকার সৈয়দ কোম্পানির বিল্ডিংয়ের নিচে রাইসা স্টোরের সামনে চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন জানান, চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি দেশীয় শর্টগান, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


