চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আটটার দিকে কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তার বাবা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে নতুন ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বিধান মল্লিক ও তার বাবা। পথে নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিক মারা যান।
গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়েছেন।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


