বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে পৌরসভার পানি উন্নয়ন বোর্ড সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিজানুর পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত সফেজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে নিজ বাসায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মিজানুর। ফজরের আজানের পর স্থানীয়রা রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহতের ভাই আবুল কালাম জানান, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন মিজানুর রহমান। সকালে দেখতে পান দরজা খোলা। ঘরে ঘুমানো ব্যক্তির লাশ কিভাবে সড়কের পাশে মিলল এটা তারা জানেন না।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. এনামুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যা রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।


