ফরিদপুরের সদর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অপর এক আসামিকে খালাস দিয়েছে আদালত।
একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার বেলা ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার চর দুর্গাপুর গ্রামের সুমন মোল্যা (১৯) ও ওসমান বেপারী (২৯)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ১৭ অক্টোবর বিকালে নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী এক যুবকের সঙ্গে দেখা করতে গোয়ালন্দ ঘাটে যায়। তাকে না পেয়ে চাচাতো ভাইয়ের সহায়তায় বাড়ি ফেরার পথে আসামিরা তাদের ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি বাড়িতে নিয়ে যান।
পরদিন সকালে সুমন মোল্যা ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন এবং পরবর্তীতে ওসমান বেপারীও তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়। স্বজনদের বিষয়টি জানানোর পর ২১ অক্টোবর ভুক্তভোগীর মা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন।


