গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কুলসুম বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলী গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মেয়ের জামাইয়ের বাড়িতে থাকতেন এবং নিয়মিত রেললাইনে হাঁটতে যেতেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকালে কুলসুম বেগম রেললাইনে হাঁটতে বের হন। ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ‘ভাটিয়াপাড়া কমিউটার’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজবাড়ীগামী ‘ভাটিয়াপাড়া কমিউটার’ ট্রেনের নিচে কাটা পড়েই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করবে।


