গাজীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। সোমবার মহানগরীর পুবাইল থানাধীন সমরসিং এলাকায় এবং সদর থানার সালনা এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুবাইল থানার ওসি এস এম আমিরুল ইসলাম জানান, এদিন দুপুরে গাজীপুর মহানগরীর পুবাইল থানার তালটিয়া পূর্বপাড়া এলাকার শান্ত (১৫) ও বাথানবাড়ীর জামান মিয়ার ছেলে লিখন (২১) মোটরসাইকেলে চড়ে বেপরোয়া গতিতে ভুলতার দিকে যাচ্ছিলেন।
তারা পুবাইল থানাধীন সমরসিং এলাকায় হাবিব পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভোগড়া-ভুলতা মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুজন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সিদ্দিক হোসেন জানান, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে উল্টোপথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার চালক, স্থানীয় দক্ষিণ সালনা এলাকার এমদাদুল হক (৪০) এবং নারী আরোহী জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার মাধবী প্রসাদ (৪২) নিহত হন।
এ দুর্ঘটনায় আহত হন অন্তত চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হলেও কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সিদ্দিক হোসেন।


