ঢাকার যাত্রাবাড়ী থানা থেকে পালানো হত্যা মামলার আসামিকে কেরানীগঞ্জে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে কেরানীগঞ্জ থেকে মিতু আক্তার নামে ওই নারী আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি যাত্রাবাড়ী থানায় তিন দিনের রিমান্ডে ছিলেন।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার সকালে মিতু আক্তার নামে ওই আসামি কৌশলে যাত্রাবাড়ী থানার গেটের তালা খুলে পালিয়ে যান। বৃহস্পতিবারই তার রিমান্ডের শেষ দিন ছিল। সেদিন দুপুরে তাকে আদালতে নেওয়ার কথা ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের এক কর্মকর্তা বলেন, নারী আসামিদের সাধারণত হ্যান্ডকাফ না পরানোর সুযোগ কাজে লাগিয়ে মিতু থানা থেকে বেরিয়ে যান।
আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যাত্রাবাড়ী থানার পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়।


