গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দেয়।
রোববার সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাঘচালা এলাকায়। এ সময় স্থানীয়রা চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলেন। বেশ কয়েকজন চোর পালিয়ে গেলেও তিনজনকে ধরে গণধোলাই দিলে তারা প্রাণ হারান। পরে বিক্ষুব্ধ জনতা চোরদের নিয়ে আসা ট্রাকটি পুড়িয়ে দেয়। গণপিটুনিতে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে ওই তিনজনই মারা গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


