গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় দগ্ধ দোকান কর্মচারী আলআমিন হোসেন বাবু (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত আল আমিনের বাড়ি কুড়িগ্রামের রৌমারি উপজেলায়। টঙ্গীর রেলওয়ে কলোনীতে বসবাস করতেন তিনি।
সহকর্মী মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, টঙ্গী থানাধীন সাহারা মার্কেটে সোমবার আগুন লেগেছিল। তার পাশের একটি হার্ডওয়্যার ও রঙের দোকানের কর্মচারী তারা। সাহারা মার্কেটে তাদের গোডাউন রয়েছে। এজন্য আগুনের খবর শুনে তারা সেখানে গিয়েছিলেন মালামাল উদ্ধার করতে। তখনই আগুনে পুড়ে যান আল আমিন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, আল আমিনের শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
এর আগে, সোমবার গাজীপুরের টঙ্গী থানাধীন সাহারা মার্কেটে একটি সেমি-পাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট একযোগে আগুন নেভানোর চেষ্টা করে। অগ্নিনির্বাপনের সময় হঠাৎ বিকট বিস্ফোরণ হলে পুড়ে যায় চার ফায়ার ফাইটার ও স্থানীয় কয়েকজন দোকানদার। ওইদিনই তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা।


