গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আবারও বহু বেসামরিক প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার ভোর থেকে বিভিন্ন এলাকায় চালানো ড্রোন ও বিমান হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।
হাসপাতালগুলোর বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আল-আকসা হাসপাতালে ১২টি, আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে তিনটি এবং নাসের হাসপাতালে দুটি মৃতদেহ আনা হয়। গাজা সিটির আল-রিমাল মহল্লায় ড্রোন হামলায় নিহত হয় এক শিশু।
এ ছাড়া, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে বাস্তুচ্যুতদের তাঁবুতে বিমান হামলায় তিনজন নিহত ও অন্তত ১৩ জন আহত হন। গাজা সিটির আনসার এলাকায় আরও এক শিশু ড্রোন হামলায় প্রাণ হারায়।
দক্ষিণ গাজার খান ইউনিসে আল-আকসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় অন্তত আটজন আহত হন।
অন্যদিকে, গাজা সিটির আল-সাবরা ও তাল আল-হাওয়া মহল্লায় চারটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। মাগাজি শরণার্থী শিবিরের পূর্বাংশে গোলাবর্ষণ এবং খান ইউনিসের পূর্বাঞ্চলে বিমান হামলায় পুরো এলাকা কেঁপে ওঠে।
এর আগে বুধবার রাতে হাসপাতাল সূত্র জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৫ জন নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৬৬ হাজার ১৪৮ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৮ হাজার ৭১৬ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া, দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছেন আরও ৪৫৫ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ১৫১ জন শিশু।


