আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিলে ৭১ থাকবে না বলা মানুষগুলোর ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম।
তিনি বলেছেন, ‘গণভোটে “হ্যাঁ” ভোট দিলে ৭১ থাকবে না বলা মানুষদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই।’
মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পঞ্চগড়-১ আসনের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার ও উঠান বৈঠক করতে গিয়ে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬ষ্ঠ দিনের মতো এই নির্বাচনী প্রচার চালানো হয়।
একই সঙ্গে সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করে তারা নতুন করে স্বৈরাচার হতে চায় দাবি করেন সারজিস আলম। তিনি জানান, এই বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না।
নতুন বাংলাদেশ এক হাজারের বেশি শহীদের জীবনের বিনিময়ে পাওয়া মনে করিয়ে এই নেতা বলেন, ‘এটার মূল কারণ ছিল বাংলাদেশের মানুষ সংস্কার চাচ্ছিল, পরিবর্তন চাচ্ছিল; কিন্তু এ সংস্কারটা হবে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে। আর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত করতে হবে।’
এ ছাড়া যারা নতুন করে স্বৈরাচার হতে চায়, ফ্যাসিস্ট হতে চায় তারা চাইবে এই গণভোট যেন বাস্তবায়ন না হয় এবং গণভোটে যেন ‘না’ এর পক্ষে ভোট দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সারজিস আলম জানান, এ দেশের সিস্টেমগুলোর সংস্কার করতে এবং জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভারসাম্য রাখতে বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং ১১ দলীয় জোট ও শাপলা কলি জয়যুক্ত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে বলে আশাবাদী তিনি।
এ সময় বৈঠকে জোটের নেতাকর্মী, জুলাই আন্দোলনের সমন্বয়ক, এনসিপির নেতাকর্মী ও ভোটাররা উপস্থিত ছিলেন।


