বিএনপিকে গণতন্ত্রের বিকল্প নাম হিসেবে আখ্যা দিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না, করব না। আমরা ধর্ম, বর্ণ এবং বিভিন্ন ভাষা বা সংস্কৃতির নামে আমরা কখনো জাতিতে বিভাজন সৃষ্টি করতে চাই না।’
যারা নির্বাচন বিলম্বের পক্ষে ছিল তারা গণতন্ত্রের বিপক্ষের শিবির বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগ ‘দেশ গড়ার পরিকল্পনা’র সপ্তাহব্যাপী অনুষ্ঠানে এসব কথা বলেন সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের একটি সফল তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল ঘোষণা অনেককে ভারাক্রান্ত করেছে, তবে তারা স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরাও স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি।’
জনগণের দোরগোড়ায় বিএনপির কর্মসূচি নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন বলেন, ‘বিএনপির পতাকাতলে সবাই স্থান ও আশ্রয় নিতে পারবে। আর সব মানুষেরই সাংবিধানিক পরিচয় হচ্ছে বাংলাদেশের নাগরিক।’
বিএনপির এই নেতা বলেন, ‘মাঠে-ময়দানে আমাদের পরিকল্পনা নিয়ে যেতে হবে। আমরা জনগণের জন্য কি করতে চাই? জনগণের কাছে আমরা ভোট চাইব। আমরা বলব, আপনারা রাষ্ট্র ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকবেন রাষ্ট্রবিনির্মাণ, প্রকৃত গণতান্ত্রিক সংস্কার, রাষ্ট্র কাঠামো মেরামত, অর্থনৈতিক মুক্তির জন্য।’
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা, বেকার সমস্যা সমাধানসহ আটটি বিষয় জনগণের কাছে সহজভাবে তুলে ধরার জন্য ছাত্রদলের নেতাদের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা অংশ নেন।


