খুলনা নগরীতে মাহবুবুর রহমান মোল্লা (৩৮) নামে যুবদলের এক নেতাকে গুলি ও রগ কেটে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বেলা দেড়টার দিকে পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় এ নৃশংস হত্যার ঘটনা ঘটে। নিহত মাহবুবুর দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ‘বাসার সামনে প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে গুলি এবং দুই পায়ের রগ কেটে হত্যা করে। মোটরসাইকেলে একজন হেলমেট পরা থাকলেও অপর দুজনের মাথায় হেলমেট ছিল না।’
স্থানীয়রা গুরুতর অবস্থায় মাহবুবুরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
এলাকার আধিপত্য নিয়ে এ হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন কয়েকজনকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘নিহতের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য তার রগ কেটে দেওয়া হয়।’

গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা মাহবুবুরের একাধিক ছবি ভাইরাল হয়। ঘটনার জেরে তাকে দল থেকে বহিস্কার করা হয়।
নিহত মাহবুবুর রহমান মোল্লা মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আব্দুল করিম মোল্লার ছেলে।


