খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা ৩নং ওয়ার্ডে তানভীর হাসান শুভ (২৯) নামে এক যুবককে জানালার ফাঁক দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির তিনটি খোসা উদ্ধার করা হয়।
বুধবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে তাকে গুলি করা হয়।
নিহতের পরিবারের লোকজন জানান, মঙ্গলবার রাতে তানভীর তার নিজ ঘরে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পরিবারের লোকজন গুলির শব্দ শুনে তার ঘরে যায়। এ সময় তানভীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে বুধবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তানভীর দীর্ঘদিন ধরে একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন বলে জানান এলাকাবাসীরা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যার কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।


