সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
সোমবার বিকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও সহকারী প্রেস সচিব নাঈম আলী তারেক রহমানের কাছে এ বার্তা পৌঁছে দেন।
এর আগে, গত বুধবার বিকাল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন হয়।
এরপর বিকাল পৌনে ৫টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় কবর দেওয়া হয়।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া।
গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা।
হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেওয়া হয়েছিল। মৃত্যুর আগ পর্যন্ত আইসিউতে ছিলেন তিনি।


