দীর্ঘদিন ধরে নানা জটিল অসুস্থতার সঙ্গে লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থায় সামাজিকমাধ্যমে তার সুস্থতা কামনা করে অনেকে দোয়া চাইছেন।
খালেদা জিয়াকে ঘিরে নিজের একটি স্মৃতিময় মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী তমালিকা কর্মকার। শনিবার (২৯ নভেম্বর) ফেসবুকে পুরোনো একটি ছবি পোস্ট করে তিনি সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার প্রার্থনা জানান। তমালিকা লিখেছেন, ২০০০ সালে খালেদা জিয়ার হাত থেকে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ পেয়েছিলেন— সময়ের ব্যবধানে ২৫ বছর কেটে গেলেও সেই সম্মান এখনো তার কাছে বিশেষ হয়ে আছে।

পোস্টের শেষে তিনি লিখেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আপনি সুস্থ হয়ে ফিরে আসুন। ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা।
তমালিকা কর্মকার গত পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে আসেনও। গত বছর দেশে এসেছিলেন, আবার ফিরে গেছেন। এর আগে ২০২৩ সালে নাট্যদল আরণ্যকের সুবর্ণজয়ন্তী উৎসবে অংশ নিতে দেশে আসেন। চলতি বছর জানা গেছে, ২০২২ সালে তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রভীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।


