পাবনার চাটমোহরে ঘর ঝাড়ু দেওয়ার বিনিময়ে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মামলা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম আব্দুল জলিল (৬০)। তিনি ওই গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনার পর পলাতক রয়েছেন আব্দুল জলিল।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই শিশুকে তার মা বাড়ির কাছের একটি দোকান থেকে কয়েল আনতে পাঠান। এ সময় প্রতিবেশী আব্দুল জলিল শিশুটিকে খাবার জিনিসের লোভ দেখিয়ে তার ঘর ঝাড়ু দেওয়ার কথা বলেন।শিশুটি ঘর ঝাড়ু দিতে গেলে আব্দুল জলিল মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। এ সময় বাড়িতে কেউ ছিল না।
এরপর শিশুটি দোকানে না গিয়ে বাড়িতে ফিরে যায় এবং তার পরিবারকে ঘটনাটি জানায়। রাতে মেয়েটির মা বাদী হয়ে অভিযুক্ত আব্দুল জলিলের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে বুধবার পাবনা ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত আব্দুল জলিলকে গ্রেপ্তারে অভিযান চলছে।


