মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, খুশদিল শাহ, ফাহিম আশরাফদের মতো পাকিস্তানি ক্রিকেটাররা গেল কয়েক মৌসুম ধরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত মুখ। রবিবার শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত পাকিস্তানের ১৫ সদস্যের দলের ৯ জন ক্রিকেটারেরই আছে বিপিএল খেলার অভিজ্ঞতা। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এই ক্রিকেটারদের অভিজ্ঞতাই আসন্ন সিরিজে কাজে লাগাতে চায় পাকিস্তান।
আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। এর আগে শনিবার সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। সেখানেই জানালেন সিরিজ নিয়ে প্রস্তুতি, লক্ষ্য ও কন্ডিশন নিয়ে ভাবনার কথা। কথা বলেছেন মিরপুরের ট্রিকি উইকেট নিয়েও। আর এখানেই স্কোয়াডে থাকা ৯ সতীর্থের বিপিএল অভিজ্ঞতার কথা কাজে লাগানোর কথা জানালেন সালমান।
বিপিএল খেলা সতীর্থদের কাছ থেকে এই সিরিজের জন্য পরামর্শ নিয়েছেন জানিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই বিপিএলে খেলেছে। তাদের এই অভিজ্ঞতা কাজে লাগাতে উইকেট, কন্ডিশন নিয়ে কথা বলেছি। সবাই নিজের পরামর্শ দিয়েছে। আমরাও সেভাবেই পরিকল্পনা করেছি।’
ক্রিকেটারদের বিপিএলের অভিজ্ঞতার প্লাস পয়েন্ট থাকলেও ঘরের মাঠে চেনা কন্ডিশনে বাংলাদেশ যে শক্তিশালী প্রতিপক্ষ সেটাও মনে করিয়ে দিলেন সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এখানের কন্ডিশন আমাদের জন্য আলাদাই। যেকোনো মাঠ, যেকোনো কন্ডিশনে বাংলাদেশ ভালো দল। আর ঘরের মাঠে আরো ভালো দল। আমরা জানি, কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, সেটার জন্য তৈরিই আছি। এখানে খেলতে আসতে পেরে আমরাও বেশ উচ্ছ্বসিত।’
বাংলাদেশের কন্ডিশন, সম্ভাব্য উইকেটের কথা মাথায় রেখে সফরে আসার আগে করাচিতে প্রস্তুতি ক্যাম্প করেছিল পাকিস্তান। ক্যাম্পে ম্যাচ সিনারিওতে সালমানরা অনুশীলন করেছেন। উইকেট তৈরি করেছিলেন মিরপুরের উইকেটের আদলে। অবশ্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও খুব বেশি বেগ পেতে হয়নি তাদের। শুক্রবার সন্ধ্যায় মিরপুরে ফ্লাডলাইটের ফখর জামান-সাইম আইয়ুবরা যেভাবে আগ্রাসী ব্যাট করেছেন, তাতে বলাই যায় সিরিজে বাংলাদেশি বোলারদের জন্য চ্যালেঞ্জ নিয়েই এসেছেন তারা।
সফরের প্রস্তুতি নিয়ে সালমান বলেন, ‘এখানে আসার আগে করাচিতে একটা ক্যাম্প করেছি আমরা। চেষ্টা করেছি এখানকার উইকেটের আদলে বানানো উইকেটে অনুশীলন করেছে। এখানে খেলতে গেলে চাপটাও বেশিই অনুভব হয়। তবে আমরা সবকিছুর জন্য তৈরি আছি।


