এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। কিন্তু প্রতিপক্ষরা মাঠে নামার প্রস্তুতি সারলেও বাংলাদেশ এখনও কোচ ঠিক করতেই পারেনি।
আজ (শনিবার) জাতীয় দল কমিটির সভায় এই বিষয়টি এজেন্ডায় থাকলেও কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ফিফা উইন্ডোতে জাতীয় দল নিয়ে ব্যস্ত থাকবেন হ্যাভিয়ের ক্যাবরেরা। ফলে অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে নতুন বিদেশি কিংবা দেশি বিকল্প খুঁজছে বাফুফে।
যেহেতু এএফসি অনূর্ধ্ব-২৩ দলে কাজ করতে হলে প্রো লাইসেন্সধারী কোচ প্রয়োজন, দেশিদের মধ্যে এই সনদ রয়েছে মারুফুল হক, সাইফুল বারী টিটু, জুলফিকার মাহমুদ মিন্টু, মাসুদ পারভেজ কায়সার ও জাকারিয়া বাবুর হাতে। তবে এই পাঁচজনের মধ্যে দুই-তিনজন দায়িত্ব নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এতে কোচ নির্বাচন নিয়ে খানিকটা সংকটেই পড়েছে ফেডারেশন।
অন্যদিকে, অনূর্ধ্ব-২৩ দলের সম্ভাবনা এবার তুলনামূলকভাবে ভালো। তাই আগষ্ট মাসে একটি বা দুটি বিদেশি প্রস্তুতি ম্যাচ খেলার চিন্তাভাবনাও হয়েছে সভায়। ক্যাম্প হতে পারে দেশের ফর্টিজে অথবা দেশের বাইরেও।
আজকের সভার সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত ফর্টিজ ফুটবল ক্লাবের অবকাঠামো ব্যবহারের বিষয়ে। ডরমেটরি সুবিধা উন্নত হলে সেখানে জাতীয় দলের ক্যাম্প আয়োজনের কথা ভাবছে বাফুফে। সভা অনুষ্ঠিত হয় ফর্টিজে, যেখানে ক্লাবটির স্বত্বাধিকারী শাহাদাত হোসেন নিজেই জাতীয় দল কমিটির সদস্য।
জাতীয় ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়মিত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও এসেছে এ সভা থেকে।


