কোচিং নয় যেন রাজসভায় এলেন আনচেলত্তি

কোচিং নয় যেন রাজসভায় এলেন আনচেলত্তি
সাম্বা ফুটবলের নতুন বস কার্লো। ছবিঃ কার্লো আনচেলত্তি, ফেইসবুক
Advertisement
Advertisement

২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের ছিটকে যাওয়ার পর থেকেই কানাঘুষো চলছিল—দলটার হাল ধরতে কেউ আসছেন ইউরোপ থেকে। সেই গুঞ্জনের জবাব এল অনেক নাটকীয়তা পেরিয়ে। সব জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলীয় ফুটবলের চালকের আসনে বসছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি।

ফুটবল ইতিহাসের অন্যতম সফল এই কোচকে নিয়েই এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা তাকিয়ে আছে তাদের ষষ্ঠ কাপ জয়ের স্বপ্নে। আনচেলত্তির সঙ্গে চুক্তি করা হয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। পরের মাসেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে তাঁকে।

কিন্তু শুধু মাঠের দায়িত্বই নয়, আনচেলত্তিকে দেওয়া হচ্ছে একেবারে রাজকীয় প্যাকেজ। মাসে ৭ লাখ ডলার, মানে বাংলাদেশি টাকায় প্রায় ৮৪ লাখ—এই অঙ্কে তিনি হয়ে যাচ্ছেন ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া জাতীয় দলের কোচ! বছরে এটাই দাঁড়াচ্ছে প্রায় ১০৬ কোটি টাকা!

এতেই শেষ নয়। বিশ্বকাপ জিতলে আনচেলত্তির জন্য প্রস্তুত রাখা হয়েছে ৫৫ লাখ ডলারের পারফরম্যান্স বোনাস—মানে আরও ৬৬ কোটি টাকা!

আরও পড়ুন

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন শুধু মোটা অঙ্কের বেতনে থামেনি। আনচেলত্তির থাকার জন্য রিও ডি জেনিরোতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, ইউরোপে থাকা পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে প্রাইভেট জেট, এমনকি আন্তর্জাতিক স্বাস্থ্য ও জীবন বীমাও দিচ্ছে তারা।

সব ঠিক থাকলে ২৬ মে আনচেলত্তি রিওতে পা রাখবেন। এরপর তিনি ঘোষণা করবেন বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড—যেখানে হয়তো দেখা মিলবে তার ‘নতুন ব্রাজিল’ গঠনের প্রথম পদক্ষেপ।

আপাতত শুধু একটাই প্রশ্ন—আনচেলত্তির অভিজ্ঞতা আর ব্রাজিলের প্রতিভার মিশেলে কি ২০০২–এর পর আবার উঠবে সাম্বার বিশ্বকাপ নাচ?

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad