ডিআর কঙ্গোর বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে দুর্দান্ত খেলেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া দলকে দারুণ দুই গোল করে শেষ ষোলোয় নিয়েছেন তিনি।
কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ইংলিশরা আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মেক্সিকোর মুখোমুখি হবে।
তবে মেক্সিকোর বিরুদ্ধে এই হাইভোল্টেজ ম্যাচটি যখন শুরু হবে, ব্রিটেনে তখন রাত ১টা। হ্যারি কেইনদের এই রোমাঞ্চকর ম্যাচ দেখতে প্রয়োজনে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের স্কুল কামাই করার পরামর্শ দিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের জার্মান কোচ টমাস টুখেল। তবে ইংল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী টুখেলের এই ‘স্কুল ফাঁকি’র দর্শনের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে কোচ টমাস টুখেল বলেন, ‘তাদের একটা অজুহাত দেখিয়ে স্কুল কামাই করতে দিন। জীবনে তারা স্কুলে যাওয়ার বহু সময় পাবে। কিন্তু বিশ্বকাপ তো চার বছর পর পর আসবে। তাদের খেলাটা দেখতে দিন। আগামী তিন-চার দিন বড় বড় ম্যাচ আছে। আমাদের পরের ধাপে যেতে সকলের সমর্থন দরকার, বিশেষ করে ছোটদের।’
টুখেলের এমন ফুটবলীয় আবেগের বিপরীতে অবশ্য কড়া অবস্থান নিয়েছে ডাউনিং স্ট্রিট। দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, ‘এটা ছেলে-মেয়েদের পিতা-মাতার ওপর নির্ভর করবে। আমরা চাই, সবাই খেলাটা উপভোগ করুক। কিন্তু সোমবার সকালে তাদের স্কুলে উপস্থিত থাকতে হবে।’
প্রধানমন্ত্রীর মুখপাত্র অবশ্য কিছুটা মজা করে যোগ করেন, ‘শিক্ষামন্ত্রী জ্যাকি স্মিথ তো দারুণ একটা ফন্দি এঁটেছেন। তিনি রোববার সন্ধ্যার পরে একটা ডিস্কো ঘুম মেরে নেবেন। তারপর রাতে খেলা দেখে, সকালে অফিসে আসবেন। প্রধানমন্ত্রীও অবশ্য জেগে থাকবেন কি না, তা নিয়ে অন্যদের মতো এমন দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন।’


