দেড় দশক তার বায়োপিক ‘মাইকেল’ আসছে বড় পর্দায়। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে লায়নসগেট মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ২ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশের পর থেকে আলোচনার কেন্দ্রে।
এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাই জারমেইন জ্যাকসনের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে জাফারের শরীরী ভাষা, পোশাক, চুলের স্টাইল, কণ্ঠস্বরের ভঙ্গি ও নাচের মুভমেন্ট—এতটাই জীবন্ত যে অনেক দর্শক একে নিছক অভিনয় নয়, বরং মাইকেল জ্যাকসনের পুনর্জন্ম বলেই মনে করছেন। অভিনয়ে তিনি নতুন হলেও সংগীত তার রক্তে। ২০১৯ সালে নিজের মৌলিক গান প্রকাশ করেছিলেন। তার ভাষায়, এই চরিত্রে অভিনয় আমার কাছে শুধু সিনেমায় কাজ করা নয়, বরং পারিবারিক ইতিহাস ও উত্তরাধিকার বহনের দায়িত্ব। মাইকেলের মা ক্যাথরিন জ্যাকসনও প্রকাশ্যে বলেছেন, জাফারের মধ্যেই তিনি নিজের ছেলের ছায়া দেখতে পান।
স্বল্প সময়ের ট্রেলারেই উঠে এসেছে মাইকেল জ্যাকসনের শৈশব, বেড়ে ওঠা, কঠোর পারিবারিক শাসন, সংগীতজগতে তার বিস্ময়কর উত্থান এবং ধীরে ধীরে বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়ার গল্প। গায়ক, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা ও সমাজসেবক—এই বহুমাত্রিক শিল্পীর জীবন যেমন সাফল্যে ভরা, তেমনি বিতর্ক, নিঃসঙ্গতা ও মানসিক চাপে চিহ্নিত। নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, ছবিটিতে তারা এই উত্থান-পতনকে নাটকীয় ও মানবিক দৃষ্টিতে তুলে ধরেছেন।
জ্যাকসন অ্যাস্টেটের পূর্ণ অনুমোদনে নির্মিত এই ছবির পথচলা সহজ ছিল না। হলিউডে সাম্প্রতিক বছরগুলোতে লেখক ও অভিনেতা ধর্মঘট, শুটিং বিলম্ব, পোস্ট-প্রোডাকশনের জটিলতা এবং দীর্ঘ রানটাইম—সব মিলিয়ে ছবিটির মুক্তির তারিখ একাধিকবার বদলেছে। একপর্যায়ে ছবিটির দৈর্ঘ্য তিন ঘণ্টার বেশি হওয়ায় দুই ভাগে মুক্তির কথাও ভাবা হয়েছিল। প্রথমে গত বছরের এপ্রিলে, পরে অক্টোবরে—সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি মুক্তি পাবে এ বছরের ২৪ এপ্রিল। আপাতত নির্মাতারা জানিয়েছেন, অন্তত প্রথম ধাপে একটি পূর্ণাঙ্গ ছবিই প্রেক্ষাগৃহে আসছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইকেল জ্যাকসনের নাচ ও পোশাক অনুকরণ করে ভিডিও দিয়ে পরিচিতি পেয়েছে নয় বছর বয়সী জুলিয়ানো ক্রু ভ্যালদি। সে অভিনয় করেছে জ্যাকসনের ছোটবেলার চরিত্রে। নির্মাতাদের মতে, জুলিয়ানোর মধ্যেও সেই ‘ওল্ড সোল’ আছে, যা অল্প বয়সেই মাইকেলকে অন্যদের থেকে আলাদা করেছিল। জো জ্যাকসনের ভূমিকায় আছেন কলম্যান ডোমিঙ্গো, ক্যাথরিন জ্যাকসন হিসেবে দেখা যাবে নিয়া লংকে। মাইকেলের আইনজীবী জন ব্রাঙ্কার চরিত্রে অভিনয় করছেন মাইলস টেলার। জ্যাকসন ভাইদের প্রতিটি চরিত্রে শৈশব ও পরিণত বয়সের জন্য আলাদা অভিনেতা নেওয়া হয়েছে, যাতে সময়ের পরিবর্তন স্পষ্টভাবে ধরা পড়ে। পাশাপাশি থাকছেন বেরি গর্ডি, ডায়ানা রস, কুইন্সি জোন্সের মতো সংগীত ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা।
‘ট্রেনিং ডে’র মত ছবির নির্মাতা অ্যান্টোইন ফুকুয়া ‘মাইকেল’ নির্মাণ করেছেন। ছবির প্রযোজক গ্রাহাম কিং এর আগে ‘বোহেমিয়ান রাপ্সোডি’ নির্মাণ করেছিলেন। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনয়ন পাওয়া জন লোগান।
‘কিং অব পপ’র বায়োপিকে গান থাকবে না তা হবে না। তবে এখন পর্যন্ত জানা যায়নি কী কী গান থাকছে। তবে ‘থ্রিলার’, ‘বিট ইট’, ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’–এর মতো আইকনিক গান ছাড়া ছবিটি গল্প অসম্পূর্ণ থেকে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। জাফার নিজে গাইবেন নাকি মাইকেল জ্যাকসনের মূল কণ্ঠ ব্যবহার করা হবে, সে সিদ্ধান্ত আপাতত গোপন।


