জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে কালেমা খচিত একটি সাদা-কালো পতাকা টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে চার শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে হল প্রশাসন। একই সঙ্গে ঘটনার প্রকৃত অবস্থা নিরূপণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার হল প্রশাসনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে হলের ওয়ার্ডেন মীর ফেরদৌস হোসেনকে। কমিটির অন্য সদস্যরা হলেন ওয়ার্ডেন উজ্জ্বল কুমার মণ্ডল ও সাহাদাত হোসেন।
শোকজপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন লোক প্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের মোহাম্মদ রাকিব, রসায়ন বিভাগের ৫২তম ব্যাচের গিয়াসউদ্দিন সুমন, ৫৩তম ব্যাচের আরিফ হাসনাত শামীম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৫৫তম ব্যাচের সাদ আব্দুর রহমান।
নোটিশে বলা হয়েছে, গত ২৭ জুন হলের ‘এ’ ব্লকের তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষের বারান্দায় কালেমা খচিত একটি পতাকা টাঙানো হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়।
হল প্রশাসনের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কক্ষের আবাসিক শিক্ষার্থী হিসেবে ঘটনাটির বিষয়ে তাদের দায়িত্ব রয়েছে। তাই আগামী ৫ জুলাই সকাল ১০টার মধ্যে তদন্ত কমিটির আহ্বায়কের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে হলের প্রভোস্ট মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনক্রমে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের লিখিত বক্তব্য নেওয়া হবে।
প্রয়োজন হলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচারকারীদের সঙ্গেও কথা বলা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে, যোগ করেন তিনি।


