জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকে সামনে রেখে দলীয় অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। যেকোনো সময় নতুন নেতৃত্বের ঘোষণা আসতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের কমিটিতে তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী, নির্যাতিত এবং দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক প্রাধান্য থাকলেও এবার তা ভেঙে বিভিন্ন ইউনিটের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চিন্তা-ভাবনা চলছে বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল হোসেনের নাম আলোচনায় উঠে এসেছে।
বাবর শিক্ষাজীবনের শুরু থেকেই ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হওয়া, হল থেকে বহিষ্কার এবং একাধিক মামলার মুখোমুখি হলেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। পরবর্তীতে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বর্তমানে আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। নেতাকর্মীদের মতে, বিতর্কমুক্ত ভাবমূর্তি ও দীর্ঘদিনের ত্যাগ তাকে কেন্দ্রীয় নেতৃত্বের সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে।
অন্যদিকে, ফয়সাল হোসেনও দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থেকে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উদ্যোগ, বিশেষ করে শিক্ষার্থী কল্যাণ, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সংগঠনের ভেতরে তার সাংগঠনিক দক্ষতা ও কর্মীবান্ধব ভূমিকা ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে।
নেতাকর্মীরা মনে করছেন, কেন্দ্রীয় কমিটিতে এবার বিভিন্ন ইউনিটের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। এ ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই দুই নেতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।


