কানাডার স্থানীয় সময় রোববার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন অটো কেয়ার প্রতিষ্ঠান “টাইগার অটো অ্যান্ড টায়ার”। কানাডার ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন এ ধরনের এটিই প্রথম প্রতিষ্ঠান বলে জানা গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের মতো কানাডাতেও দিন দিন বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসী বাংলাদেশিরা নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তেমনি বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করছেন।
এই ধারাবাহিকতায় প্রবাসী বাংলাদেশিদের সেবার লক্ষ্য নিয়ে ক্যালগেরিতে যাত্রা শুরু করছে “টাইগার অটো অ্যান্ড টায়ার”। প্রতিষ্ঠানটির উদ্বোধনকে ঘিরে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দিদারুল আলম জানান, প্রায় ৩৫ বছরের অভিজ্ঞতা নিয়ে তিনি বাংলাদেশিসহ ক্যালগেরির বিভিন্ন ভাষাভাষী মানুষের জন্য অটো সম্পর্কিত সেবা ও পরামর্শ দিতে “টাইগার অটো অ্যান্ড টায়ার” চালু করেছেন।
তিনি বলেন, “একমাত্র বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠান হিসেবে আমরা গ্রাহকদের আরও উন্নত ও নির্ভরযোগ্য সেবা দিতে চাই।”
দিদারুল আলম আরও বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতেও বাংলাদেশের সুনাম তুলে ধরতে চান। একই সঙ্গে কানাডার অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী তারা।
উদ্বোধনী দিনে দিনব্যাপী চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের আয়োজন রাখা হয়েছে বলেও জানান তিনি। এ উপলক্ষে ক্যালগেরির সব প্রবাসী বাঙালিকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।


