কমলাপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

কমলাপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কমলাপুর স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আব্দুল মোমিন ভূঁইয়া জানান, তারা ঢাকার দক্ষিণখান মোল্লারটেক এলাকার নিজস্ব বাড়িতে বসবাস করেন। তাদের তিন মেয়ের মধ্যে এক মেয়ের শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জে। সকালে সেই মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই তারা বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে করে কমলাপুর আসেন। সেখান থেকে অন্য একটি ট্রেনে করে তাদের নারায়ণগঞ্জে যাওয়ার কথা ছিল।

কমলাপুর স্টেশনে পৌঁছানোর পর কাঙ্ক্ষিত ট্রেনটি ছেড়ে দিচ্ছিল দেখে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে আসমা ভূঁইয়া পা পিছলে প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান। এতে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কমলাপুর স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওই নারী দুর্ঘটনার শিকার হন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর