ঢাকার কদমতলীতে পূর্বশত্রুতার জেরে রড ও কাঠ দিয়ে মারধরের শিকার হয়ে রাসেল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি রড তৈরির কারখানায় কাজ করতেন।
মঙ্গলবার রাত ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ রসুলপুর এলাকায়। বাবার নাম আব্দুল মালেক।
নিহতের মা মাকসুদা বেগম জানান, সোমবার রাতে রাসেল আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখে কদমতলীর মুন্সিখোলা নদীর পাড় দিয়ে পায়ে হেটে বাসায় ফিরছিলেন। তখন মো. হানিফসহ (৩০) আরও ২-৩ জন মিলে রড, কাঠ দিয়ে তাকে এলোপাতারি মারধর করে। এক পর্যায়ে গুরুতর আহত করে রাসেলকে নদীর পাড়ে ফেলে রেখে যায় তারা। দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার রাতে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হলে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও জানান, হানিফের সঙ্গে তার ছেলে রাসেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। হত্যার উদ্দেশ্যেই তারা রাসেলকে মারধর করে নদীর পাড়ে ফেলে রেখেছিল।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।

