ঢাকা-১২ আসনের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের নেত্রী তাসলিমা আখতার ‘কথা কম, কাজ বেশি’ স্লোগানে ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন এলাকায় আয়োজিত এক কর্মসূচিতে তিনি তার সংসদীয় আসনের জন্য এই ইশতেহার উপস্থাপন করেন।
ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নাগরিক সেবা সহজলভ্য করা, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও দখলদারত্ব প্রতিরোধ, নারী অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক ও মানসম্মত শিক্ষা চালু, শিক্ষাপ্রতিষ্ঠানের দলীয়করণ বন্ধ এবং নীতি নির্ধারণে নাগরিক অংশগ্রহণ বাড়াতে ‘ঢাকা-১২ নাগরিক কাউন্সিল’ গঠনের প্রস্তাব রাখা হয়েছে।
তাসলিমা আখতার বলেন, ‘কথা কম কাজ বেশি’ এই স্লোগানকে সামনে রেখে জনগণের মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। তিনি জানান, নির্বাচনী প্রচারকালে ঢাকা-১২ এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এই ইশতেহার আরও সমৃদ্ধ করা হবে।
ইশতেহার উপস্থাপন শেষে মাথাল মার্কার এই প্রার্থী জানান, ঢাকা-১২ এলাকায় নাগরিক সেবা, সুরক্ষা ও নাগরিক মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি অংশগ্রহণমূলক সামাজিক উদ্যোগ বাস্তবায়নে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি এই এলাকাকে দেশের সামনে একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার শুভেচ্ছাও জানান।
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হাসান রুবেল বলেন, নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তবায়নের নজির খুব কম। তিনি বলেন, তাসলিমা আখতার তার কাজের মাধ্যমে ‘কথা কম কাজ বেশি’স্লোগানের বাস্তব প্রমাণ দিয়েছেন। রানা প্লাজা ধসের পর নিখোঁজ শ্রমিকদের তালিকা প্রস্তুত ও ক্ষতিগ্রস্তদের প্রাপ্য আদায়ে তাসলিমা আখতারের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে আশুলিয়া সাভার এলাকায় যুগপৎ আন্দোলন ও সাম্প্রতিক গণঅভ্যুত্থানে তার নেতৃত্বের কথাও তুলে ধরেন।
এ সময় ঢাকা-১২ এলাকার বিভিন্ন ওয়ার্ডের নাগরিক ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংহতি আন্দোলন জানায়, শুক্রবার বিকাল থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের ইস্কাটন বিয়াম গলি পানির পাম্প থেকে গাউসনগর হয়ে মধুবাগ মোড় পর্যন্ত তাসলিমা আখতার তার ১২ দফা ইশতেহার নিয়ে প্রচার শুরু করবেন।


