কক্সবাজারে ফ্রিল্যান্স সাংবাদিক তানভীরুল মিরাজ রিপনকে গোয়েন্দা সংস্থার কার্যালয়ে ডেকে নিয়ে নানা ধরনের অবান্তর প্রশ্ন করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
গত ৩০ মার্চ বিকেলে একটি গোয়েন্দা সংস্থার কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক ফরমান আলী মোবাইল ফোনে কল করে তাকে সেখানে ডেকে নেন। এরপর মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা তাকে টানা আধ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।
তানভীরুল মিরাজ রিপন টাইমস অব বাংলাদেশকে বলেন, তাকে পেশার বাইরে ব্যক্তিগত ও পারিবারিক অনেক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অতীতে আওয়ামী লীগ সরকারের সময়েও একই কায়দায় সাংবাদিকদের ভয়ভীতি দেখানো হতো।
তানভীরুল মিরাজ রিপন মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাত, রোহিঙ্গা সংকট, মানবাধিকার সমস্যা এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক বিদেশী গণমাধ্যমে কাজ করেন।
সিপিজে এক বিবৃতিতে জানায়, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরুপ।
এ ব্যাপারে জানতে ফরমান আলীর মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।


