কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনলা বন্দুক, গোলাবারুদ ও পিস্তলের গুলিসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
আটক অস্ত্রধারী পেকুয়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকার বাসিন্দা আহম্মদ নুর।
বুধবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে পেকুয়া উপজেলার শিলখালী গ্রামের কাছেমুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা মসজিদ সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে টাইমস অব বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি। পরে তাকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার বলেন, ‘উপস্থিত লোকজনের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি ও হেফাজত থেকে ২টি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনালা বন্দুক, দুটি তাজা কার্তুজ, দুটি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘আটক আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অপরাধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’


