জামায়াতে ইসলামী এ দেশকে যুবকদের হাতে তুলে দিতে চায় বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন, যুবকরাই ২০২৪ সালের আগস্টে আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ এনে দিয়েছে।
শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের আগে সভা-সমাবেশ ও বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না। যুবকরাই সে সুযোগ সৃষ্টি করেছে। আবু সাঈদ থেকে ওসমান হাদি যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চান বলেও জানান তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারির ভোট বাংলাদেশ বদলে দেওয়ার ভোট উল্লেখ করে তিনি জানান, এটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ভোট। এই ভোটের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত নতুন বাংলাদেশ পাবে এ জাতি।
একই সঙ্গে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের মানুষ নতুন বাংলাদেশ চায় মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, যে দেশ দুর্নীতিতে সেরা হয়, সে দেশ আমার দেশ নয়। এই দেশে কোনো দুর্নীতি থাকবে না।
কুলাউড়া আসনে জামায়াত জোটের প্রার্থীকে বাস্তব এমপি এবং নিজেকে ছায়া-এমপি হিসেবে বর্ণনা করে এই আসনের উন্নয়নের দায়িত্ব সরাসরি নিজের হাতে তুলে নেওয়ার কথা জানান ডা. শফিক।
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোট হলো নতুন বাংলাদেশের জন্মের ভোট, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার প্রতিফলনের ভোট।
বক্তব্য শেষে জামায়াত আমির মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীকে পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।


