নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদে ইতোমধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বাকি একটি আসনের সংসদ সদস্য কে হচ্ছেন, তা নিষ্পত্তি করল নির্বাচন কমিশন।
এর আগে ২১ এপ্রিল ওই আসনে জামায়াত জোটের প্রার্থী হিসেবে এনসিপির মনিরা শারমিন মনোনয়নপত্র জমা দেন। তবে সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ইসিতে আপিল করেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। পরে তিনি আদালতে যান।
এদিকে, মনিরা শারমিনের প্রার্থিতা অনিশ্চিত হয়ে পড়ার প্রেক্ষাপটে একই আসনে নুসরাত তাবাসসুম জ্যোতি নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেন। প্রথমে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ না করলেও আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং পরে তা বৈধ ঘোষণা করা হয়।
রোববার প্রকাশিত চূড়ান্ত তালিকায় নুসরাত তাবাসসুমের নাম অন্তর্ভুক্ত হয়। তিনি মনোনয়ন প্রত্যাহার না করায় এবং অন্য কোনো বৈধ প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার সিদ্ধান্ত নেয় ইসি।
এ বিষয়ে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, ‘আদালতের আদেশে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। শনিবার রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ করেন। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারও করেননি তিনি। আইন অনুযায়ী, আমরা তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট করার সিদ্ধান্ত দিয়েছি।’
তিনি বলেন, ‘আদালতের আদেশ আমরা বাস্তবায়ন করব। এখনো আদালতের কোনো আদেশ আসেনি। আইন অনুযায়ী আজকেই গেজেট করা উচিত। আদালত যদি বলে এই গেজেট বাতিল করতে তাও করতে হবে। আমরা কোনো জটিলতা মনে করি না।’


