ঢাকার কেরানীগঞ্জে বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ওই নেতার নাম হাসান মোল্লা। তিনি হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন রাতের দিকে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থানকালে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হাসান মোল্লাকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার বুকে লাগে। গুলি ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় হাসান মোল্লাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আশঙ্কাজনক।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ওয়াজ থেকে ফেরার পথে ঢালিকান্দি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, ঘটনার কারণ উদঘাটন ও হামলাকারীদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় হজরতপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এর আগে, গত ৮ জানুয়ারি রাতে ঢাকার পশ্চিম তেজতুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মোসাব্বির নিহত হন। ওই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন।
গত ৩ জানুয়ারি যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৩৫)। ওই দিন সন্ধ্যায় শংকরপুর এলাকায় তাকে গুলি করা হয়।
এ ছাড়া, গত বছরের ২০ নভেম্বর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া গুলিতে নিহত হন। ওই ঘটনায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়।


