জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো রিয়াজ হোসেন এ তথ্য জানান। দুদকের পক্ষে উপপরিচালক হাফিজুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
জিয়াউল আহসান ক্ষমতার অপব্যবহার করে তার নিজ নামে ২২ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১৪২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে।
অনুমোদিত সীমা লঙ্ঘন করে ৫৫ হাজার মার্কিন ডলার জমা করে, বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা ও উত্তোলনা করে।
এসব অর্থ তার স্ত্রী আসামী নুসরাত জাহানের সহযোগিতা ও যোগসাজশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে। তার নামের আটটি ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।
একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হিসেবে নিজ পদ ও ক্ষমতার অপব্যবহার করে আসামি জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহান দুদক আইনে অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
২০২৪ সালের আগস্টে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন।


