আম্পায়ারদের কর্মশালায় সৈকতের অভিজ্ঞতা ভাগাভাগি

আম্পায়ারদের কর্মশালায় সৈকতের অভিজ্ঞতা ভাগাভাগি
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কর্মশালায় অংশ নেন বিসিবির অধীনস্থ আম্পায়ররা। ছবি: টাইমস অফ বাংলাদেশ
Advertisement
Advertisement

আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির শীর্ষ প্যানেলভুক্ত হওয়ার পর থেকেই বেশ কিছু বড় আন্তর্জাতিক সিরিজে দায়িত্ব পালন করেছেন তিনি। বোর্ডার-গাভাস্কার ট্রফি, টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফির মতো দ্বিপাক্ষিক সিরিজেও দেখা গেছে তাকে। নিজের বড় মঞ্চের অভিজ্ঞতা দেশের আম্পায়ারদের সাথে ভাগাভাগি করতে মঙ্গলবার বিসিবির আম্পায়ার্স ডিপার্টমেন্ট আয়োজিত এক দিনের কর্মশালায় মিডিয়া সেন্টারে আসেন তিনি।

মঙ্গলবার এই কর্মশালায় উপস্থিত ছিলেন আইসিসির ইন্টারন্যাশনাল ভুক্ত বাংলাদেশের আরো ৮ আম্পায়ার, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল, মোর্শেদ আলী খান, তানভীর আহমেদ, চম্পা চাকমা, ডলি রানী সরকার, রোকেয়া সুলতানা ও সাথিরা জাকির জেসি। মূলত আম্পায়ারিংয়ের লিপিবদ্ধ জ্ঞানের চেয়ে বাস্তবিক অভিজ্ঞতাগুলো  ভাগাভাগি করাই ছিল এই কর্মশালার উদ্দেশ্যে।

এই কর্মশালা নিয়ে টাইমস অফ বাংলাদেশ‘কে মাসুদুর রহমান মুকুল বলেন, ‘বইয়ে তো অনেক কিছুই আছে। কিন্তু ম্যাচের সিচুয়েশনটা আলাদা। ওই প্রেশার মোমেন্টে আমরা যেভাবে সিদ্ধান্ত নেই, সেটাই আলোচনা হচ্ছে। সৈকত ইন্ডিয়া-ইংল্যান্ড সিরিজের অভিজ্ঞতা বলছে। আমরা হয়তো পাকিস্তান সিরিজেরটা বলছি। আমরা চেষ্টা করব যখন এমন ফ্রি সময় পাব, এই নলেজ শেয়ারিংটা করব। সেটা একটা সিরিজের পর হতে পারে। অফ সিজনে হতে পারে বা কোন সিরিজের আগে। ধরেন যদি আগস্টে ট্রাই-নেশন সিরিজ হয়, তাহলে এই সেশনটা কাজে দেবে।’

সম্প্রতি কনকাশন সাব, ওয়ানডেতে দুই বলের ব্যবহার, টি-টোয়েন্টির পাওয়ারপ্লে, বাউন্ডারিতে ক্যাচ ধরার নিয়ম-সহ আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কিছু বদল এনেছে আইসিসি। গত ২ জুলাই বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ দিয়ে চালু হয়েছে এসব নিয়ম। বদলে যাওয়া নিয়ম ও এসবের প্রভাব নিয়ে আম্পায়ার সৈকত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করেছেন সেসব নিয়ে।

সৈকতের সেই সেশন নিয়ে নারী আম্পায়ার রোকেয়া সুলতানা বলেন, ‘সম্প্রতি ক্রিকেটের বেশ কিছু নিয়মে আমরা পরিবর্তন দেখেছি। এসব নিয়মের মধ্যে দিয়ে যারা ম্যাচ পরিচালনা করেছেন, তারা সবাই নিজেদের ভিশন-অভিজ্ঞতা আমাদের সাথে ভাগাভাগি করেছেন। সব মিলিয়ে দারুণ একটা সেশন হচ্ছে আমাদের জন্য। এসব অভিজ্ঞতা, ইনসাইট আমাদের কাজে আসবে সামনে।’

এর আগে গত ২৬ ও ২৭ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হয় ম্যাচ রেফারিদের নিয়ে বিশেষ এক কর্মশালা। বিসিবি মিডিয়া সেন্টারের ডাইনিং লাউঞ্জে ম্যাচ রেফারিংয়ের কোর্সের ওপর আয়োজিত সেই কর্মশালায় যোগ দেন গেম ডেভেলপমেন্টের ইনচার্জ হাবিবুল বাশার সুমন, নির্বাচক আব্দুর রাজ্জাকের মতো সাবেক ক্রিকেটাররা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad