আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও অপতথ্যের প্রচার মোকাবেলায় কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও এ ঝুঁকির বাইরে নয়। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও প্রযুক্তিনির্ভর জালিয়াতির আশঙ্কা বাড়ছে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে।’
মঙ্গলবার সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সিইসি জানান, ভোটের সময় অপতথ্য ছড়ানোর ঘটনা প্রতিরোধে নির্বাচন কমিশন একটি কেন্দ্রীয় সেল গঠন করবে। এই সেল তথ্য যাচাই, বিশ্লেষণ এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে কাজ করবে। তার মতে, এ সেলের মাধ্যমে নির্বাচনের সময় অপতথ্যের প্রচার রোধে বাস্তবভিত্তিক সমাধানে পৌঁছানো সম্ভব হবে।
নাসির উদ্দিন বলেন, ‘অপতথ্য রোধে শুধু প্রযুক্তি নয়, পরিকল্পনা ও জনবলও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে বা কারা এই দায়িত্ব পালন করবে, কীভাবে তা সমন্বয় করা হবে-এই বিষয়গুলো এখনই চিহ্নিত করতে হবে।’
দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে অপতথ্য ছড়ানোর আশঙ্কা বেশি থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘এসব এলাকায় দ্রুত স্থানীয় যোগাযোগ এবং কারিগরি সংযোগ নিশ্চিত করে কেন্দ্রীয় সেলের সঙ্গে একীভূত করা হবে।’
কর্মশালায় অংশগ্রহণকারীদের কাছ থেকে সিইসি নির্বাচন সংশ্লিষ্ট ডিজিটাল হুমকি মোকাবিলায় কার্যকর সুপারিশও আহ্বান করেন।


