যশোরে উলসী-যদুনাথপুর খাল (উলসী খাল) পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে যশোরের শার্শা উপজেলার উলসী গ্রামে কোদাল হাতে মাটি কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী বেলা ১১টা ৪২ মিনিটে খাল খনন স্থলে আসেন। এসেই খালের ওপরের অংশে নির্মিত উদ্বোধন ফলক উন্মোচন করেন। সেখানে প্রধানমন্ত্রী আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যশোর-১ আসনের সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তিসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর যশোরে এটিই তার প্রথম সফর।
উলসী খাল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশে যোগ দেন। শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোদাল হাতে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শার্শায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। দীর্ঘ ৪৭ বছর পর ঠিক একই স্থানে দাঁড়িয়ে সেই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান।


