ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডর (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো. শাওগাতুল আলমের নির্দেশনায় উত্তরা উত্তর ও উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনে একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন তিনজন ম্যাজিস্ট্রেট।
অভিযান চলাকালে মেট্রো স্টেশনের নিচে অবস্থানরত অবৈধ হকার ও তাদের স্থাপিত ভাসমান দোকান অপসারণ করা হয়।
সংশ্লিষ্ট হকারদের ভবিষ্যতে মেট্রো স্টেশনের নিচে কোনো প্রকার অবৈধ কার্যক্রম বা দোকান স্থাপন না করার জন্য সতর্ক করা হলে তারা ম্যাজিস্ট্রেটদের নিকট এ বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ছাড়া মেট্রো স্টেশনের পার্শ্ববর্তী দোকানদারদের ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলার জন্য নির্দেশনা দেওয়া হয়, যাতে স্টেশনের নিচে বা আশপাশে কোনো ধরনের পরিবেশ দূষণ না ঘটে।
এ সময় উপস্থিত সকলেই মেট্রোরেল এলাকার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে অঙ্গীকার করেন।
উক্ত অভিযানে ডিএমটিসিএল’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা. শাহজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলাম; ডিএমটিসিএল-এর ডিজিএম (সিকিউরিটি) জাকির সিদ্দিকীসহ তুরাগ থানা পুলিশ, এমআরটি পুলিশ, আনসার সদস্য এবং মেট্রোরেলের নিরাপত্তা কর্মীরা অংশগ্রহণ করেন।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেল স্টেশনসমূহের নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।


