আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বরাবরের মতো এবারও জমজমাট আয়োজন নিয়ে হাজির হচ্ছে চ্যানেল আই। আট দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে দর্শকদের জন্য থাকছে সাতটি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন সিনেমাগুলো।
এই আয়োজনের শুরুতেই ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে নীলচক্র সিনেমার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও রয়েছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। পরিচালনাও করেছেন মিঠু খান। গত বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির এক বছর পর একই উৎসবে টেলিভিশনের পর্দায় আসছে সিনেমাটি।
সাসপেন্স থ্রিলার ঘরানার ‘নীলচক্র’-এর গল্প আবর্তিত হয়েছে একটি ভিডিওকে ঘিরে, যা মুহূর্তেই বদলে দেয় কয়েকজন মানুষের জীবনের গতিপথ। শহরজুড়ে ছড়িয়ে পড়তে থাকে একের পর এক ব্যক্তিগত ভিডিও, তৈরি হয় আতঙ্ক, অন্ধকার আর রহস্যের জাল।
সিনেমাটি নিয়ে পরিচালক মিঠু খান বলেন, রহস্য ও অন্ধকারকে কেন্দ্র করেই গল্পটি নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে এতে উঠে এসেছে সমাজের আড়ালে চলতে থাকা এমন এক অপরাধজগত, যা নিয়ে বাংলা সিনেমায় আগে খুব বেশি কাজ হয়নি।
তিনি আরও জানান, ব্লু ফিল্ম র্যাকেটের মতো স্পর্শকাতর ও বাস্তব একটি বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। তাঁর ভাষায়, তুলনামূলক নতুন এই প্লট যেমন সাহসী, তেমনি সময়োপযোগীও।


