রোজার ঈদের দীর্ঘ ছুটির সময় দেশের এটিএম বুথগুলোয় পর্যাপ্ত টাকা রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছুটি চলাকালে গ্রাহকদের আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের জারি করা এক নির্দেশনায় এসব কথা বলা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিতে ব্যাংকগুলোকে আগাম প্রস্তুতি নিতে হবে। এর মধ্যে রয়েছে এটিএম বুথে সার্বক্ষণিক সেবা চালু রাখা, কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের ব্যবস্থা করা এবং পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।
পাশাপাশি জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করতে ব্যাংকগুলোকেও উদ্যোগ নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা চালু এবং এছাড়া মোবাইল ভিত্তিক আর্থিক সেবা (এমএফএস) দেওয়া প্রতিষ্ঠান ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও ছুটির পুরো সময় নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিতের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
একই সঙ্গে এই দীর্ঘ ছুটিতে গ্রাহকদের জন্য সার্বক্ষণিক হেল্পলাইন সেবা চালু রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে।


