পাকিস্তানের ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।
দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শুক্রবার তেরলাই এলাকায় শিয়া সম্প্রদায়ের ধর্মীয় সমাবেশস্থল একটি ইমামবাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেন, বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফরেনসিক তদন্ত শেষে এটি আত্মঘাতী হামলা নাকি পুঁতে রাখা বোমার বিস্ফোরণ–তা নির্ধারণ করা হবে।
তবে নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তাকর্মী বার্তাসংস্থা এএফপিকে জানান, এটি আত্মঘাতী বোমা হামলা। হামলাকারীকে ইমামবাড়ার গেটে থামানো হলে সে বিস্ফোরণ ঘটায়।
জেলা প্রশাসনের এক মুখপাত্র জানান, ঘটনাস্থল নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। আহতদের চিকিৎসায় বিভিন্ন হাসপাতালে সহকারী কমিশনারদের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘটনার পর ইসলামাবাদের পলিক্লিনিক হাসপাতাল, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) এবং সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
গত বছর নভেম্বরে ইসলামাবাদের জি–১১ এলাকায় জেলা ও দায়রা জজ আদালতের বাইরে এক আত্মঘাতী হামলায় ১২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছিলেন।


